ভারত সরকারের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে বলে-- জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন কিভাবে ভারতে গিয়েছেন-- সেটা দেশে ফিরিয়ে আনার পর তদন্ত করে দেখা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘আগেই বলেছিলাম সালাহউদ্দিন আহমেদ আত্মগোপনে রয়েছেন এবং স্থান পরিবর্তন করছেন, তাই প্রমাণিত হয়েছে। উনাকে আনতে হলে ভারত ও বাংলাদেশ সরকারের একটি আইনি প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়া শেষে দেশে ফিরিয়ে আনা হবে।'
তিনি আরো বলেন, ‘এখনো অফিসিয়ালি কোনো কাগজ আমাদের হাতে পৌঁছায়নি। আমরা মৌখিকভাবে যে সকল খরব পাচ্ছি তার ভিত্তিতেই কথা-বার্তা হচ্ছে। যেটাই হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হবে।’
বিএনপির এ নেতার আত্মগোপনে থাকার বিষয়টি এখন প্রমাণিত হয়েছে-- বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।