রাজধানীর লেকগুলো অবৈধ দখলদার মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক। আগামী দু'বছরে উত্তর সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলেও মন্তব্য করেন এ নতুন মেয়র।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সিসিটিভি সার্ভিলেন্স ক্যামেরা স্থাপনের প্রথম পর্বের কাজ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরে আনিসুল হক সাংবাদিকদের এ একথা বলেন।
রাজধানীর গুলশান, বারিধারা ও নিকেতন এলাকার সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো মনিটর করবে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। এ প্রকল্পে আরো ৬০০টি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান গুলশানের ল অ্যান্ড অর্ডার কো-অরডিনেশন কমিটি। প্রকল্পের আওতায় নতুনবাজার, গুলশান-১ ও ২, হাতিরঝিল, নিকেতন এবং বারিধারা অন্তর্ভুক্ত রয়েছে। এসব ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি ছাড়াও ফেস ডিটেকশন, ভেহিকেল ট্র্যাকিং, ট্রাফিক কন্ট্রোল, অটো নম্বর প্লেট ডিটেকশন ও ক্রিমিনাল ডিটেকশন করা যাবে।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক। তিনি বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নগরের যানজট ও নিরাপত্তা রক্ষা করা তার নির্বাচনী ইশতেহারে ছিল।
জন নিরাপত্তায় নেয়া যে কোন উদ্যোগের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বলে জানান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ।
এদিকে, একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাই শুধু পুলিশের কাজ নয়, পুলিশ-জনগণের মধ্যে সুসর্ম্পক বজায় রেখে কাজ করতে পারাটাই মূখ্য।