একের পর এক ব্লগার হত্যাকাণ্ড নিয়ে রাজনীতিবিদরা নোংরা খেলায় মেতে উঠছে বলে অভিযোগ করেছে গণজারগরণ মঞ্চ। তাদের দাবি, সরকার ব্লগার হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে চাইছে।
শুক্রবার বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ সব কথা জানান গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার।
যুক্তি পত্রিকার সম্পাদক, মুক্তমনা ব্লগার বিজ্ঞান লেখক ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেলে রাজধানীর শাহবাগ চত্ত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ।
এ সময় অনন্তের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান গণজাগরণমঞ্চের সংগঠকরা।
এদিকে, হত্যার প্রতিবাদে সিলেটেও সংহতি সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সংহতি সমাবেশ পালন করে তারা।
দ্রুত খুনিদের গ্রেপ্তার করা না হলে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন মঞ্চের নেতৃবৃন্দ। হত্যার ঘটনাস্থলে অনন্ত বিজয়ের নামে স্মৃতিস্তম্ভ নির্মণেরও দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় নিজ বাসা থেকে বেরিয়ে শহরের দিকে যাওয়ার সময় কয়েকজন মুখোশধারী উগ্রপন্থী কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে।
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ওইদিন বিকালে টুইটারে বার্তা দেয় ‘আনসার বাংলা ৮’ নামে একটি জঙ্গি সংগঠন।
পরে সন্ধ্যায় টুইটেই আরেকটি বার্তায়, ‘আল কায়েদা ইন ইনডিয়ান সাবকন্টিনেন্ট’ সিলেটে অনন্ত বিজয় হত্যার দায়িত্ব স্বীকার করে।