ব্যবসা বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণের দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সভার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণের দেশগুলো যতোই উন্নতি করছে ততোই নতুন নতুন চ্যালেঞ্জ তাদের স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। উত্তরের দেশগুলোর সহযোগিতা, এক্ষেত্রে অনেক বাধা দূর করতে পারে।
তিনি আরো বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে। অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে দক্ষিণের দেশগুলোর অগ্রগতির পাশাপাশি নতুন নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হচ্ছে এ অঞ্চলকে।
এ সময় দক্ষিণের দেশগুলোর মধ্যে আরো সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মানবসম্পদ আর আর্থ-সামাজিক উন্নয়নে তার সরকার জোর দিচ্ছে। দারিদ্র্য দূরীকরণে নিজস্ব উদ্ভাবিত সমাধানের উপরই সরকারের আস্থা।
জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ কার্যালয় ও ইউএনডিপির সহযোগিতায় ৪৫টি দেশের অর্থমন্ত্রী, উন্নয়নমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার শতাধিক প্রতিনিধি সভায় অংশ নিচ্ছেন। দুই দিনের এ সভায় ২০১৫ পরবর্তী উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হবে।