নগরবাসীর প্রত্যাশা পূরণে কাউন্সিলরদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র সাঈদ খোকন।
রোববার দুপুরে রাজধানীর নগরভবনে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের সঙ্গে এক বৈঠকে এ পরামর্শ দেন তিনি।
একইসঙ্গে রাজধানীকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন সাঈদ খোকন।
নগর ভবনের প্রতি ঢাকাবাসীর ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে মেয়রের সঙ্গে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কাউন্সিলররাও।
শপথ নেয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদকাল গণনা শুরু হয় রোববার বোর্ড সভার মধ্যদিয়ে। দুপুরে নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনের সঙ্গে দক্ষিণ সিটির কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের প্রথম বোর্ড সভা হয়।
সভার শুরুতেই নিজেদের পরিচয় দেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পরে, নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে মেয়রের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় তারা বলেন, নগর ভবনকে দুর্নীতিমুক্ত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার বিকল্প নেই।
পরে, ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে নগর ভবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ঢাকা নগরীকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা চান মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই তার মেয়াদকালে এক সঙ্গে কাজ করা হবে— একইসঙ্গে ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে কাউন্সিলরদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
নগর ভবনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পিতার মতোই বদ্ধপরিকর বলেও জানান দক্ষিণের মেয়র।