এগিয়ে চলছে বহুকাঙ্খিত পদ্মা সেতু প্রকল্পের কাজ। সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া, পুনবার্সন কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে এরইমধ্যে। চলছে মূল সেতুর পরীক্ষামূলক পাইলিংয়ের কাজও। ধারণা করা হচ্ছে, পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ সঠিকভাবে সম্পন্ন হলে আগামী অক্টোবর থেকে এর মূল পাইলিংয়ের কাজ শুরু হবে।
আমাদের সংবাদদাতকা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের ২৩টি জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কর্মকাণ্ডে মুখর পদ্মার দুই পাড়। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘের সেতুটির কার্যক্রমকে মূল সেতু, নদীশাসন, দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ, জমি অধিগ্রহন ও পুনর্বাসন- এ পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
এ পর্যন্ত যে ১৮% কাজ শেষ হয়েছে তার বেশির ভাগ জুড়েই রয়েছে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, সংযোগ সড়ক ও অবকাঠামো।
এরইমধ্যে সেতুটির পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। বড় বড় ক্রেন বসানো হয়েছে নির্মাণ সামগ্রী ওঠানো-নামানোর জন্য। মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণ ও সম্প্রসাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আধুনিক যন্ত্র দিয়ে চলছে মাটি সমান করার কাজ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পদ্মা সেতু নির্মাণ কাজ প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৮ সালের মধ্যেই সেতু নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান তিনি।