সিটি করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সুষ্ঠু সমন্বয়ের জন্য শিগগিরই ‘সমন্বিত কর্তৃপক্ষ’ গঠনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাপ্তান বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
একইসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে নগরবাসী, নগরপরিকল্পনাবিদসহ বিভিন্ন পেশার মানুষের মতামত শুনতে শিগগিরই ঢাকা ডায়ালগের আয়োজন করা হবে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র।
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনকে সহায়তা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সেইসঙ্গে মেয়রের নাম ভাঙিয়ে কেউ কোন ধরণের অন্যায় করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করারও অনুরোধ জানান সাঈদ খোকন।
নগরবাসীর দোরগোড়ায় সিটি করপোরেশনের সেবা পৌঁছে দিতে অবিলম্বে সমন্বিত কর্তৃপক্ষ গঠনের উপরও জোর দেন দক্ষিণের মেয়র।
তিনি বলেন, নগরের উন্নয়নকে ত্বরান্বিত করতে শিগগিরই নগরবাসী এবং বিশেষজ্ঞদের মতামত শুনতে ঢাকা ডায়ালগের আয়োজন করা হবে।