প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে স্থল সীমান্তচুক্তি ভারতের পার্লামেন্টে পাস হওয়ায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে প্রধামন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় নিজেদের স্বার্থে নয়, দেশের স্বার্থে কাজ করতে ব্যবসায়ীদেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ভারতসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন করেছে সরকার।
এসময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশের জনগোষ্ঠির চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে। তবে, রপ্তানির পাশাপাশি দেশে বাজার সৃষ্টি করতে হবে।
স্থল সীমান্ত চুক্তি সম্পাদনে সংবিধান সংশোধনের অনুমোদন দেয়ায় ভারতে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ শান্তিপূর্ণ সহ অবস্থানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলেও জানান শেখ হাসিনা।
ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। দুপুরে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।