পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ চলছে ব্যাপক তোড়জোড়ে। অক্টোবরেই কথা রয়েছে মূল পাইলিংয়ের কাজ শুরু হওয়ার। এদিকে, উন্নয়নের ছোঁয়া লেগেছে পদ্মা সেতুর সঙ্গে সম্পৃক্ত সড়ক-মহাসড়কগুলোতেও।
সেতু নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণবঙ্গের ২৩ জেলার মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ শেষ হবে। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা।
পদ্মা সেতু নির্মাণ কাজকে কেন্দ্র করে উন্নয়নের ছোঁয়া লেগেছে পদ্মা সেতুর সঙ্গে সম্পৃক্ত সড়ক-মহাসড়কগুলোতে। সেতুর সংযোগ সড়কের পাশাপাশি অভ্যন্তরিণ সড়কগুলোকেও প্রশস্ত করা হচ্ছে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে টঙ্গীবাড়ী পর্যন্ত এবং মাওয়া-দোহার বাইপাস সড়ক প্রশস্ত করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
এছাড়া, ঢাকার বাবু বাজার থেকে সেতুর সংযোগ সড়ক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নিত করার কাজ কিছু দিনের মধ্যেই শুরু হওয়ার কথাও রয়েছে।
স্থানীয়দের মাঝেও পদ্মা সেতু নিয়ে দেখা দিয়েছে উৎসাহ। তারা মনে করছেন সেতুর কাজ সম্পন্ন হলে দক্ষিন বঙ্গের মানুষের পদ্মা পাড়ি দেয়ার দুর্ভোগ শেষ হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মূল সেতু নির্মাণের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে যথাসময়ে।