বাংলাদেশ-ভারত তৃতীয় সড়কপথ হিসেবে ঢাকা থেকে সিলেট ও শিলং হয়ে গৌহাটি পর্যন্ত পরীক্ষামূলক বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস ডিপোতে এই পরীক্ষামূলক বাস সার্ভিস উদ্বোধন করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে একটি টেকনিক্যাল টিম এই পরীক্ষামূলক সার্ভিসে ঢাকা-গৌহাটি যাওয়া আসা করবে।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের সময় এ নিয়ে চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে এ বাস চলাচল শুরু হবে। বাংলাদেশ-ভারত-নেপাল-ভূটানের মধ্যে সড়ক যোগাযোগ সম্পর্কিত চুক্তি হবে আগামী ১৫ জুন ভূটানের রাজধানী থিম্পুতে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরে ঢাকা-গৌহাটি বাস সার্ভিস বিষয়ে চুক্তি ও প্রটোকল স্বাক্ষর হবে।
তিনি আরো বলেন, আগামী ১৫ জুন ভূটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ-ভারত-নেপাল-ভূটানের মধ্যে সড়ক যোগাযোগ সম্পর্কিত একটি চুক্তি হবে।
এদিকে, ঢাকা-শিলং বাস সার্ভিস চালুর উদ্যোগকে দু'দেশের সম্পর্কে আরেকটি মাইলফলক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন।
তিস্তা চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের সময়ই এ ব্যাপারে জানা যাবে।
ঢাকা থেকে সিলেট ও শিলং হয়ে ভারতের আসামের গৌহাটির দুরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। বাংলাদেশ অংশে কোনো সমস্যা না থাকলেও, ভারত অংশের সড়কের রাস্তা উঁচুনিচু, আঁকাবাঁকা ও সরু পাহাড়ি পথ, ঝুঁকিপূর্ণ বাঁকে ভরা।
এ সমস্ত সড়ক বড় ও ভারি বাস চলাচলের উপযোগী হয়নি এখনও। তাই পরীক্ষামূলকভাবে ২৬ থেকে ৩০ সিটের বাস চলবে এ সড়কপথে।