বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো কোনো অশুভ শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে রাজধানীর হাজারিবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিন সিটিতে আওয়ামী লীগকে জয়ী করে জনগণ দেশের গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেছে। আর এর মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে বুঝিয়ে দিয়েছে তারা জ্বালাও পোড়াও নয়, শান্তি চায়।
তিনি আরো বলেন, বিএনপির অভ্যাস ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো। তারা ক্ষমায় গিয়ে কখনো দেশের উন্নতি করেনি।
এছাড়া অপশক্তির উত্থান ঠেকাতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
এ সময় আগামীতে দেশে ৫৪৯টি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করার কথা বলেন আর এরই মধ্যে সরকার দেশের প্রথম বার্ন ইনস্টিটিউট তৈরি করার উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।