চীনের উন্নয়ন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কোন হুমকি হবে না বরং এটি এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিও ইয়ানতোং। সোমবার বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের সফরে আসা চীনের উপ-প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনের আরও ১০০টি বৃত্তি ঘোষণার পাশাপাশি শিক্ষা সহযোগিতার বিষয়ে কিছু প্রস্তাব তুলে ধরেন চীনের উপপ্রধানমন্ত্রী।
এসময় দু'দেশের মধ্যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার জন্য চীনের উপ-প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক।
চীন অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে অনেক উন্নতি করেছে তবে এ উন্নতি দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য মাথা ব্যথার কারণ হবে না বলে জানান লিও ইয়ানতোং।
দু'দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করার জন্য চীনের নেয়া কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।