মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই বহাল থাকবে এ অবস্থান থেকে সরকার কোনোভাবেই সরে আসবে না বলে আবারো জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সুইডিশ রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল। ঘণ্টাব্যাপী বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন আইনমন্ত্রী।
তবে অন্য ফৌজদারি মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ড শিথিলের বিষয়টি সরকার ভবিষ্যত বিবেচনায় রাখছে বলে জানিয়েছেন তিনি।
আর একাত্তরে মানবতাবিরোধী অপরাধী সংগঠন হিসেবে জামাতের শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি বাজেট অধিবেশনের পর মন্ত্রিসভায় উত্থাপিত হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যাপারে সুইডেনের আপত্তির মুখে আইনমন্ত্রী রাষ্ট্রদূতকে জানিয়েছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ছাড়া অন্য ফৌজদারি মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিষয়টি সরকার বিবেচনা করবে।
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে সরকারের ভাবনা ও সিদ্ধান্ত রাষ্ট্রদূত জানতে চাইলে, এর যৌক্তিক সমাধান হবে বলেই আইনমন্ত্রী তাকে অবহিত করেন।
এক প্রশ্নের জবাবে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী সংগঠন হিসেবে জামাতের শাস্তির বিধান রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি সংসদের বাজেট অধিবেশনের পর মন্ত্রিসভায় উঠবে বলে জানান তিনি।