কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে সোমবার সকালে পরীক্ষামূলকভাবে বাস সার্ভিস শুরু হয়েছে।
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বাসটি কলকাতার সল্টলেকের আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়ে। বাসটি ঢাকা হয়ে আগামীকাল মঙ্গলবার সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছাবে।
কলকাতা ও আগরতলা থেকে এই বাস সপ্তাহে তিন দিন করে চলবে। কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার ছাড়বে। আর আগরতলা থেকে এই বাস ছাড়বে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাস থেকে ৪৫ আসনের নীল-সাদা রঙের ভলভো বাসটি যার নম্বর ডব্লু বি ২৩ ডি ১২০৩ পরীক্ষামূলক যাত্রা শুরু করে।
বাসে পশ্চিমবঙ্গ সরকারের ১০ জনের একটি প্রতিনিধি দল রয়েছে। এই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্য সরকারের রাজ্যেপরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারে পুলিশে আইজি (বর্ডার) অখিল রায় ও শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ।
যাত্রা শুরুর আগে এক সংবাদ সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা সরাসরি বাস সার্ভিস আগামী ৪ জুন পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নের সামনের বাসস্ট্যান্ড থেকে বিকাল ৪টায় বাসটির ফ্ল্যাগ অফ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের সম্মতিতে আজকের এ বাসযাত্রা শুরু হচ্ছে। বেনাপোল সীমান্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের স্বাগত জানানো হবে। এরপর রাতে বাসটি ঢাকায় পৌঁছে মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাত্রা করে ওই দিনই আগরতলা পৌঁছবে।
এই যাত্রা বাংলাদেশ সরকারের পক্ষে ৪ জন যুগ্মসচিবসহ একটি ঊচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমাদের সঙ্গে ঢাকা থেকে আগরতলায় যাবে। সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, 'এই বাসটিতে বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীর সফর কভার করতে কলকাতার ৩৫ জন সাংবাদিক ঢাকায় যাবেন। এই প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রাজ্য সরকারের যুব ও কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুলিশে আইজি (বর্ডার) অখিল রায়, ভূতল পরিবহন নিগমের এমডি নীলঞ্জন শান্ডিল্য, যুগ্ম সচিব বিশ্বজিৎ দত্ত প্রমুখ।
কলকাতার শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ বলেন, আগামী ৬ জুন থেকে নিয়মিতভাবে এ পরিষেবা শুরু হবে। আসা বা যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার রুপি।
বাসে ১০ জন কর্মকর্তা ও পরিসেবা সংস্থার কর্মী রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশের আইজি (বর্ডার) অখিল রায়। আজকের বাসটি আগামীকাল বিকেলে আগরতলা থেকে রওনা হয়ে পরদিন বুধবার সকালে কলকাতায় পৌঁছাবে।
আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ১৬৫০ কিলোমিটার। এ পরিষেবা চালু হলে দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ৫১৩ কিলোমিটারে।
কলকাতা থেকে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের লাইসেন্স নিয়ে শ্যামলী যাত্রী পরিবহন এই পরিষেবা চালাবে এবং ঢাকা থেকে পরিষেবাটি চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) লাইসেন্স নিয়ে শ্যামলী পরিবহন।