প্রতিবছরের মতো এবারো রোজার মাসে সরকারি অফিস আদালতের সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
পরে সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অফিসসূচি নির্ধারণ করা হয়েছে।
এমনিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসে কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব আনলে মন্ত্রিপরিষদ তাতে অনুমোদন দেয়।
তিনি আরো বলেন, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা-সাড়ে ৩টা সূচিতে চলবে। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।
মঙ্গলবার ২ জুন রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী এ মাসের দ্বিতীয়ার্ধে রমজান মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।