বাড়ির মালিকরা যেন ইচ্ছেমতো বাড়ি ভাড়া বাড়াতে না পারে সেজন্য শিগগিরই বাড়ি ভাড়া নির্ধারণের কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেইসঙ্গে বুড়িগঙ্গা নদী সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান জোরদার, পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ এবং যানজট সহনীয় পর্যায়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার নগরভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সিটি করপোরেশন নির্ধারিত মূল্য লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মেয়র।
নির্বাচনী ইশতেহারে যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেও বাস্তবায়নের ক্ষেত্রে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেন সাঈদ খোকন। অবশ্য নগরীর যানজট নিরসনে খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া বুড়িগঙ্গা নদীর সংস্কার, পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট নির্মাণ, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণের মেয়র।
বাড়ির মালিকেরা যেন ইচ্ছামতো ভাড়া বাড়াতে না পারেন, সেজন্য বাড়ি ভাড়া নির্ধারণের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। এসব কাজ সফল করতে নগরবাসীর সহায়তা চাইলেন সাঈদ খোকন।
এছাড়া রমজানে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবার কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে বলেও জানান তিনি।