শুধু দারিদ্র্য দূরীকরণ নয়— দেশে ধনী-গরীবের বৈষম্য দূর করতে সমন্বিত পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার সকালে রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিউশন কমপ্লেক্সে প্রথম জাতীয় চর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
চরাঞ্চলের মানুষের জন্য বাজেটের বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহারের তাগিদ দিয়ে স্পিকার বলেন, জীবনযাত্রার মান উন্নয়নে সব ধরনের সুযোগ-সুবিধা চান চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
দেশের ৩২ জেলার শতাধিক উপজেলার চরাঞ্চলে প্রায় ৫০ থেকে ৬০ লাখ দরিদ্র মানুষ বাস করছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, মৌলিক সুবিধার অপর্যাপ্ততা ও কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে এসব মানুষ বঞ্চনার শিকার।
এ সময় চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি মাহিন্দ্রনাথ রায় জাতীয় বাজেটে তাদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান।
শিরীন শারমিন চৌধুরী চরাঞ্চলসহ দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, চরবাসীর সমস্যা সমাধানে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় চর সম্মেলন জাতীয় কমিটির চেয়ারপারসন খোন্দকার ইব্রাহিম খালেদ চর অঞ্চলের উন্নয়নে প্রকল্প প্রণয়নে সংশ্লিষ্ট সকলের প্রতি তাগিদ দেন।
৮০টি বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।