ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিন শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি রামকৃষ্ণ মিশন ও পরিদর্শন করেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে মন্দির পরিদর্শনে যান।
ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে মোদি প্রার্থনা করেন। পরে মন্দিরের প্রধান সেবায়েত ও পরিচালক প্রদীপ চক্রবর্তী ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারক তুলে দেন তিনি। পরে সেখানে নরেন্দ্র মোদিকে উত্তরীয় পরিয়ে দেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকেও ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট উপহার দেয়।
এ সময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
ঢকেশ্বরী মন্দির থেকে নরেন্দ্র মোদি যান রামকৃষ্ণ মঠ ও মিশনে। সেখানে তাকে স্বাগত জানান মিশন হেড কোয়ার্টারের (কলকাতা) প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ ও ঢাকা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুভেশানন্দ। রামকৃষ্ণ মিশনেও ভারতীয় প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এছাড়া মিশনের পক্ষ থেকে মোদিকে দুটি স্মারক উপহার দেয়া হয়।