বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন চলাচল সম্পর্কিত চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে ৪ দেশের মন্ত্রিপর্যায়ে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
যানবাহন চলাচল ব্যবস্থাটি হবে শতভাগ গেটলক এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিয়মানুযায়ী বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ৩ বছর পরপর বা সংশ্লিষ্ট দেশগুলোর অনুমোদন সাপেক্ষে যেকোনো সময় এ চুক্তি রিভিউ করা যাবে চাইলে যে কোনো দেশ এর থেকে বেরিয়েও যেতে পারবে।
এছাড়াও, নেভি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৫'র খসড়ায় চূড়ান্ত অনুমোদন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সমন্বিত ভূমি ব্যবস্থাপনা নীতিমালা, ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বলে জানান তিনি।
বর্তমানে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই সড়কপথে এই দুই দেশে যেতে হলে- সীমান্ত পার হয়ে প্রথমে ভারত পৌঁছে আলাদা পরিবহনে যেতে হয়।
২০১৪ সালে সার্ক সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল- বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী এবং ব্যক্তিগতসহ সব ধরনের পরিবহন চলাচল করবে। তবে নানা কারণে তা কার্যকর হয়নি।
অবশেষে এই উদ্যোগ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সব ধরনের পরিবহন সরাসরি চলাচল করবে আগামী বছর থেকে। আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে এ বিষয়ে ৪ দেশের মন্ত্রী পর্যায়ে চুক্তি স্বাক্ষর হবে।