ঢাকা দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বিএনপির বয়কটকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত মিট দ্যা প্রেসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গিবসন বলেন, নির্বাচনই গণতন্ত্রের পূর্বশর্ত নয়, এর সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা গুরুত্বপূর্ণ।
বিভিন্ন দেশে গণতন্ত্রের চর্চা ভিন্ন ভিন্ন— উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন তারা কেমন গণতন্ত্র চান।
সম্প্রতি বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বর্জনকে দুঃখজনক— মন্তব্য করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার এদেশে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হলেও বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে। যা এদেশের জন্য ইতিবাচক।
‘সকলের সঙ্গে বন্ধুতা, কারো সঙ্গে বৈরিতা নয়’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ পররাষ্ট্রনীতিকে উত্তম উল্লেখ করে গিবসন, গণতন্ত্র শুধু ভোটে নয়, একেক দেশে একেক রকমের বিশ্লষণ রয়েছে।
বাংলাদেশের জনগনকে নির্ধারণ করতে হবে, কেমন গণতন্ত্র চান তারা বলেও জানান তিনি।
এসময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা, ব্লগার হত্যার বিষয়েও কথা বলেন। ব্লগার হত্যাকারীদের ছাড় না দেয়ার বিষয়ে মত দেন তিনি।
একইসঙ্গে মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশের সংবাদ মাধ্যমকেও এগিয়ে আসার আহবান জানান গিবসন।