শ্রমিকদের অধিকার রক্ষায় পৃথিবীতে সবচেয়ে অনিরাপদ দেশগুলোর একটি বলে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে একটি আন্তর্জাতিক রিপোর্টে। এখানে কর্মক্ষেত্রে শ্রম অধিকারের কোনো নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) ‘বৈশ্বিক অধিকার সূচক-২০১৫’ শীর্ষক সমীক্ষায় এমনই তথ্য বেরিয়ে এসেছে।
বিশ্বব্যাপী ১৪১টি দেশের ওপর ৯৭টি সূচকের ভিত্তিতে পরিচালিত এ সমীক্ষার ফলাফল বুধবার প্রকাশ করা হয়।
কর্মক্ষেত্রের মানের ওপর ভিত্তি করে শিল্প কারখানা, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের শারীরিক নির্যাতন, যৌন হয়রানি ও যেকোন মুহূর্তে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়গুলো নিয়ে গত ৩০ বছর ধরে কাজ করছে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-আইটিইউসি। গত এক বছরের তথ্যের ভিত্তিতে ১০ জুন একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
বিশ্বব্যাপী ১৪১টি দেশের ওপর ৯৭টি সূচকের ভিত্তিতে এ সমীক্ষা চালানো হয়। এ প্রতিবেদনে কর্মক্ষেত্রের মানের ওপর ভিত্তি করে দেশগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়।
এর মধ্যে সর্বনিম্ন ক্যাটাগরি হলো পঞ্চম, যাতে বাংলাদেশসহ বিশ্বের ২৭টি দেশ রয়েছে।
এর মধ্যে চীন, ভারত, মালয়েশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, তুরস্ক, পাকিস্তান ও কাতার উল্লেখযোগ্য। সবগুলো দেশকে পঞ্চম ক্যাটাগরিতে অন্তভুক্ত করা হয়েছে। এ ক্যাটাগরির শিরোনাম দেয়া হয়েছে ‘অধিকার অনিশ্চিত’।
প্রতিবেদনে বলা হয়, পঞ্চম ক্যাটাগরির দেশগুলোর শ্রম আইনে কিছু অধিকার নিশ্চিত করার কথা থাকলেও তা প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ নেই। সেই সঙ্গে কর্মক্ষেত্রে উর্দ্ধতনদের স্বৈরতান্ত্রিক আচরণ ও শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দিতে দায়িত্ববোধের অভাবও অনেকাংশে দায়ী।
পঞ্চম ক্যাটাগরির নিচেও ফাইভ প্লাস নামে একটি উপ-ক্যাটাগরি রাখা হয়েছে। এ ক্যাটাগরিতে অন্তভুক্ত ৯টি দেশে শ্রমের অধিকার অনিশ্চিতের পাশাপাশি জীবনেরও কোনো নিশ্চয়তা নেই।
এগুলোর মধ্যে সিরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও ফিলিস্তিন উল্লেখযোগ্য। আর ফিনল্যান্ড ও উরুগুয়েসহ ১৬টি দেশকে প্রথম ক্যাটাগরিতে রাখা হয়েছে।
বাংলাদেশকে পঞ্চম ক্যাটাগরির অন্তভুক্ত করা হলেও শেষ দশ দেশের তালিকায় রাখা হয়নি।
এ দেশগুলো হল বেলারুশ, চীন, কম্বোডিয়া, মিশর, গুয়াতেমালা, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোয়াজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।