অস্ট্রেলিয়ার নৌবাহিনী অপহরণকারীদের অর্থ দিয়ে অভিবাসীবাহী একটি নৌযানকে সাগরে ঠেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিবাসীরা জাতিসংঘ কর্মকর্তাদের কাছে এ অভিযোগ করেছে বলে বিবিসি খবর দিয়েছে। ওই নৌযানটিতে দশজন বাংলাদেশিও ছিল।
ইউএনএইচসিআরের মুখপাত্র জেমস লিঞ্চ শুক্রবার বিবিসিকে বলেন, ওই নৌযানটিকে আটকের পর যাত্রীরা অপহরণকারীদের অর্থ দিতে দেখেছেন।
এ মুখপাত্র আরো বলেন, গত ৩১ মার্চ ইন্দোনেশিয়ার নৌবাহিনী এ নৌযানটিকে উদ্ধার করে। ইউএনএইচসিআরের কর্মকর্তারা এর ৬৫ আরোহীর সঙ্গে কথা বলেছেন।
তারা অভিযোগ করেছেন, অস্ট্রেলীয় নৌবাহিনী নৌযানের ক্রুদের দিক পরিবর্তন করে ইন্দোনেশিয়া অভিমুখে যাওয়ার জন্য অর্থ দিয়েছে।
অস্ট্রেলিয়ার এ পদক্ষেপ মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পাশাপাশি এ অঞ্চলের অন্য দেশগুলোকে ভুল বার্তা দেবে বলেও মন্তব্য করেন লিঞ্চ।
অবশ্য অষ্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।