অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যুতের ঘাটতি পূরণ বাংলাদেশের উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনে। শনিবার সকালে রাজধানীর গুলশান ক্লাবে ‘টেকসই জ্বালানির ভবিষ্যত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ‘সোলারল্যান্ড বাংলাদেশ’।
সম্মেলনে বলা হয়, এসব সমস্যার সমাধান করা গেলে বাংলাদেশ দ্রুতই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র আনিসুল হক বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা অবকাঠামোগত ও বিদ্যুতের ঘাটতি। তাই জাতীয় বাজেটের বড় একটি অংশ বরাদ্দ দেয়া হয় বিদ্যুত খাতে। বিশেষ করে সরকার টেকসই জ্বালানি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশের বিদ্যুত ঘাটতি সমস্যা সমাধানে চীনের মতো অন্যান্য দেশ এগিয়ে আসবে বলে জানান, চীনের একটি নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট।
এতে অংশ নেয় চীনের বেসরকারি বিদ্যুত উৎপাদনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে টেকসই জ্বালানির বিভিন্ন দিক তুলে ধরেন তারা।