প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেসসচিব হিসাবে নিয়োগ পেলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম। গত দুই বছর রাষ্ট্রপতির প্রেসসচিবের দায়িত্বে ছিলেন তিনি।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে ইহসানুলকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেসসচিব হিসাবে নিয়োগের আদেশ জারি করে।
গত ২৫ মে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে ইহসানুলের চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন দায়িত্বে তিনি এ কে এম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে গত বছরের ৩ জুন প্রধানমন্ত্রীর প্রেসসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
তবে প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির কারণে তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়।
শামীম চৌধুরী বর্তমানে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই রয়েছেন।