এ অঞ্চলের উন্নয়নের প্রতিবেশি দেশগুলোকে একাত্ম হয়ে কাজ করতে হবে—জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার সকালে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।
আর চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় থাকলে গোটা অঞ্চলই লাভবান হবে।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাত শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক বহুদিনের।
তিনি বলেন, রাজনীতির বাইরে- দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতাও জরুরি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের প্রতিনিধি দলের প্রধান, দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কোয় ইয়েচো বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক এ অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সদস্যরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
তিন দিনের সফরে রোববার ঢাকায় এসেছে ছয় সদস্যের চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল।