ছয় দিনের ব্যক্তিগত সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দেশবাসীকে রোজার শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দীন আহমদ কামরানের নেতৃত্বে দলের জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে ওসমানী বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।
শেখ হাসিনা ওইসময় বলেন, আমি এ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি।
সিলেটে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি।
ব্যক্তিগত সফরে গত শুক্রবার লন্ডন পৌঁছান শেখ হাসিনা। ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর এটা ছিল তার প্রথম সফর। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তব্য শোনেন শেখ হাসিনা।
ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য গত রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরদিন ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
টিউলিপের বড় ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরাও এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।