ভেজাল খাবারের বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না— যে যত শক্তিশালীই হোক না কেন শাস্তির আওতায় আনা হবে সবাইকে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সকালে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তবে শুধুমাত্র অভিযান পরিচালনা করেই ভেজালমুক্ত খাবার নিশ্চিত করা সম্ভব নয় এ কথা উল্লেখ করে মন্ত্রী এ বিষয়ে ক্রেতা বিক্রেতা সকলকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ভেজাল খাবারের বিষয়ে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে—এ কথা জানিয়ে সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, রাজধানীসহ সারাদেশে রমজান মাসজুড়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করা হবে।
আমু বলেন, যখন-তখন, যেকোনো সময় এবং যেকোনো জায়গায় আকস্মিক অভিযান চলবে। এ ক্ষেত্রে ফুটপাত থেকে বড় কারখানা সবখানেই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।
শিল্পমন্ত্রী আরো বলেন, ইফতার ও সেহরীতে অধিক পরিমাণে ব্যবহার করা হয় এমন ৩০টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
মন্ত্রী বলেন, ভেজাল খাবার দিয়ে যে ব্যবসায়ী ক্ষতি করছে সে এবং তার পরিবারও ক্ষতির মুখে পড়তে পারে— ব্যবসায়ীরা এভাবে ভাবলে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহিত কার্যক্রম সম্পর্কে অবহিত করতে শিল্প মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।