একে তো প্রথম রোজা তারপর সাপ্তাহিক ছুটির দিন। দুইয়ে মিলে নিত্য পণ্যের বাজার বেশ সরগরম। রাজধানীর বাজারে ভোজ্য তেল, চিনি ও ছোলারসহ বেশকিছু পণ্যের দাম স্থতিশীল থাকলেও রোজার প্রথম দিনেই বেড়েছে মাছ-মাংস ও কাঁচা সবজির দাম।
তবে বরাবরের মতো এবারেও রোজার প্রথম দিন থেকেই লাগাম ছাড়া পণ্যের দামে দিশেহারা ক্রেতারা। যে বেগুন কয়েকদিন আগেও ৪০ টাকায় কিনেছেন তা কি করে কেজিতে ১০০ টাকা হয় বুঝতে পারছেন না কিছুতেই। সবজির বাজারে সবকিছুর দামই বেড়েছে। শসা, গাজরসহ অন্যান্য সবজির দামও বেড়েছে দেড় থেকে দুই গুন। গরু ও মুরগীর মাংসের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।
আরমাছের বাজারে বাড়তি দামের হাওয়া আরো বেশি। মাছের বাজার চলছে দোকানিদের খেয়াল-খুশিমত, যার কাছে যেমন পারছেন তেমনই দাম নিচ্ছেন তারা।
দাম বেড়েছে গরু ও মুরগীর মাংসেরও। শুধু রোজা উপলক্ষেই ক্রেতাদের বাড়তি দাম গুণতে হচ্ছে।
তবে কিছুটা সহনীয় অবস্থায় রয়েছে চিনি, ভোজ্য তেল ও ছোলার দাম। বিশ্ব বাজারে কম থাকায় সুফল হিসেবে এসব পণ্যের দাম রোজাতেও নিয়ন্ত্রণে রয়েছে।
রোজার কয়েকদিন পার হলেই, সব ধরণের পণ্যের দাম কমতে থাকবে বলে আশা করছেন দোকানিরা।