রমযানের ইফতার আয়োজনে ঘরে তৈরি খাবারের পাশাপাশি বাইরের নানা পদের ইফতারির কদরও বেড়ে যায়। ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি কিনতে অনেকেই ভিড় জমান পুরান ঢাকার চকবাজারে। তাই প্রথম রোজায় দুপুর থেকেই বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের উপস্থিতিতে সরগরম চকবাজারের ইফতার বাজার।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে চকবাজারে খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালানো হয়।
রোজার প্রথম দিন ইফতার আয়োজনে সব রোজাদার সাধ্যমতো বিশেষ কিছু যোগ করতে চান। অনেকেই ভিড় করেন চকবাজারের ঐতিহ্যবাহী এসব ইফতারির দোকানে। ইফতার সামগ্রীর বৈচিত্র্যই নগরীর এ প্রান্ত ও প্রান্ত থেকে লোকজনকে টেনে আনছে এখানে। রকমারি সব ইফতারির নামও বাহারি।
নানা স্বাদের বাহারি ইফতারির দিকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিক্রেতারা মরিয়া।
ক্রেতারা খোলা টেবিলে ইফতার সামগ্রীর পসরা থেকে বেছে নিচ্ছেন পছন্দেরটি। খোলা খাবার তাই স্বাদ ও মান নিয়ে মিশ্র অভিযোগ ক্রেতাদের। দামও কিছুটা বেশি বলেই মনে করেন তারা।
আর স্বাদে ভিন্নতা আনতে প্রতি বছরের মত এবারও দু'একটি নতুন পদ যুক্ত হয়েছে ইফতার আয়োজনে। বড়দের পাশাপাশি ছোটরাও এসেছে তার পছন্দের ইফতারি বেছে নিতে।
এদিকে, ইফতার সামগ্রী ও খাদ্যদ্রব্যে ভেজাল রোধে রোজার প্রথম দিনে চকবাজারে ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।