রমজান উপলক্ষে খোলা বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি। দাম ও মান, সব দিক দিয়েই টিসিবি'র পণ্য, অন্যান্য পাইকারী ও খুচরা বাজারের পণ্যের তুলনায় ভাল বলে জানালেন ভোক্তারা।
তারা চান, রমজানসহ সারা বছরই এমন ব্যবস্থা চালু থাকুক।
বরাবরের মতো এবারও রোজায় ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে, খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। রাজধানীতে ২৫টি সহ সারাদেশের মোট ১৭৪টি স্থানে ট্রাকে করে এসব পণ্য বিক্রি হচ্ছে।
এবারো সরকারের দ্রব্যমূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ বিষয়ক এ সংস্থা পণ্যের দাম ও ভোক্তাপ্রতি পণ্য বিক্রির নিয়ম বেঁধে দিয়েছে।
সেক্ষেত্রে :
একজন ভোক্তা প্রতি কেজি ৩৭ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার ৮৯ টাকা দরে ১ ও ২ লিটারের পেট বোতল সয়াবিন তেল নিতে পারবেন সর্বোচ্চ ৫ লিটার, সেক্ষেত্রে দাম পড়বে ৮৮ টাকা প্রতি লিটার।
মশুর ডাল প্রতি কেজি ১০৩ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ছোলা প্রতি কেজি ৫৩ টাকা দরে সর্বোচ্চ ৩ কেজি এবং খেজুর প্রতি কেজি ৮০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি নিতে পারবেন।
প্রতিটি ট্রাকের সামনেই ভোক্তাদের ভিড়। কেউ কেউ প্রথমবারের মতো এসেছেন, কেউ কেউ এখানকার নিয়মিত ক্রেতা।
পণ্যের দামে-মানে সন্তুষ্ট তারা। পুরো রমজান, এমনকি সারাবছরই এমন ব্যবস্থা চান তারা।
খোলা বাজারে পণ্য বিক্রির এই ব্যবস্থা চলবে পুরো রমজান জুড়ে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।