ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে— আর টিকিট বিক্রি চলবে ১৩ জুলাই পর্যন্ত।
জুলাইর ১৬ তারিখ থেকে পাওয়া যাবে ফিরতি টিকিট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। রোববার রাজধানীর 'রেল ভবনে'র যমুনা সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ৯ জুলাই পাওয়া যাবে ১৩ জুলাইয়ের টিকিট, ১০ জুলাই ১৪ জুলাইয়ের, ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬ জুলাইয়ের এবং ১৩ তারিখে ১৭ জুলাইয়ের টিকিট দেয়া হবে।
এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে ১৬ জুলাই থেকে, পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকিট। ওইদিন বিক্রি হবে ২০ জুলাইয়ের টিকিট, ১৭ জুলাই ২১ জুলাইয়ের, ১৮ জুলাই ২২ জুলাইয়ের, ১৯ জুলাই ২৩ জুলাইয়ের, ২০ জুলাই ২৪ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে।
রেলমন্ত্রী আরো বলেন, প্রতিবারের মতো এবারো কালোবাজারী প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হবে। ঈদে যাত্রী চলাচলেও যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য রেলওয়ে স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।