মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর –বিজিপি হেফাজতে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্য নায়েক রাজ্জাককে শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
একইসঙ্গে ওই বৈঠকে দুই বাহিনীর মধ্যে বিরাজমান ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর পদক্ষেপও নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মন্ত্রী আরো বলেন, আর এক্ষেত্রে বিজিবি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে, জানা গেছে, বিজিপির হাতে আটক বিজিবির নায়ক রাজ্জাক পুত্র সন্তানের বাবা হয়েছেন রোববার। তবে তার পরিবারে নেই আনন্দ-উচ্ছ্বাস। উদ্বেগ আর উৎকন্ঠায় গোটা রয়েছে পরিবার। ছেলের ছবি বুকে নিয়ে মূর্চ্ছা যাচ্ছেন মা। স্বামীর চিন্তায় দিশেহারা সদ্য মা হওয়া বধূটি। পরিবারের সদস্যদের একটাই দাবি তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।
প্রসঙ্গত: গত ১৭ জুন নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা বিজিবির এ সদস্যকে বিজিপি অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার হাতকড়া পড়া ছবি দেখার পর থেকে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। ছেলের ছবি বুকে নিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন তার মা। স্বামীর কথা ভেবে জ্ঞান হারাচ্ছেন তার স্ত্রী সদ্য মা হওয়া আসমা বেগম। বাবার জন্য কাঁদছে তার বড় দুই সন্তান।
পরিবাবরের সদস্যদের অভিযোগ অপহৃত হওয়ার পর বিজিবি পুলিশ বা সরকারের কেউ রাজ্জাকের পরিবারকে এ খবর দেয়নি। পরে বিজিবির সঙ্গে ফোনে যোগাযোগ করলে পতাকা বৈঠকের মাধ্যমে ২ দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনার আশ্বাস দেন বিজিবি কর্মকর্তারা। কিন্তু ৫ দিনেও রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এখনো সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগে নেই বলে অভিযোগ তার পরিবারের।
এদিকে, রোববার বাবা দিবসে রাজ্জাকের স্ত্রী আসমা বেগম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই খুশির খবর শিশুটির বাবা এখন পর্যন্ত জানেন না। রাজ্জাককে সুস্থ অবস্থায় স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি পরিবাবরের সদস্যদের।
এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান নাটোর জেলা প্রশাসক মশিউর রহমান।