বাজার মূল্য ও ভেজাল প্রতিরোধে প্রতিদিন কর্পোরেশনের ৬টি টিম কাজ করছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক। সোমবার বিকেলে রোজা উপলক্ষে কারওয়ান বাজার পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতেও কাজ করছে সিটি কর্পোরেশন।
রোজায় রাজধানীর অনেক জায়গাতেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আর ভেজালে ভরা ইফতার কিনছেন ক্রেতারা। বেশিরভাগ ক্ষেত্রেই এসব খাবারে যথাযথ মানও বজায় রাখা হয় না। পাশাপাশি খাবারে ভেজাল রং ব্যবহার করার অভিযোগও রয়েছে দোকানিদের বিরুদ্ধে।
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মহানগর পুলিশ। এ সময় বেশ কিছু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরির চিত্র চোখে পড়ে। স্থায়ী ও অস্থায়ী দোকানদারদের ৫টি মামলায় ২ লক্ষ ১০ টাকা জরিমানা করা হয়।
ভেজাল খাদ্যসহ সকল পন্যের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান চলতে থাকবে বলেও জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস।
তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যথাযথ নিয়ম মেনেই খাবার তৈরির চেষ্টা করছেন তারা। বৃষ্টির কারণে দোকানের সামনে ময়লা জমে যাওয়ায় আদালত জরিমানা করেছে বলেও অভিযোগ তাদের।