যারা একদিন বাংলাদেশকে অবহেলা করতো তারাই এখন এ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে—বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন— সেই ত্যাগের সুফল আজ বাংলার মানুষ পাচ্ছেন।
আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশর মানুষ কিছু পায়— এখন মানুষের গোলাভরা ধান আছে, পুকুর ভরা মাছ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। আমরা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলবো। স্বাধীনতার সুফল ঘরে ঘরে তুলে দেব।
আওয়ামী লীগকে সংগঠিত করতে বঙ্গবন্ধু সব ত্যাগ করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ৭১ সালে দেশে ফিরে এসে আমি প্রায় প্রতিটি জায়গায় গিয়ে শুনেছি এখানে বঙ্গবন্ধু এসেছিলেন। বাঙালিক স্বাধীনতা এনে দেবেন, এই অভিপ্রায় থেকে বঙ্গবন্ধু সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন।
আওয়ামী লীগের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলটির ঐতিহাসিক ত্যাগ-তিতীক্ষা চিরস্মরণীয় হয়ে থাকবে।