গত ৫ জানুয়ারি থেকে হরতাল-অবরোধকালে পেট্রোল বোমায় নিহত ও আহতদের চিকিৎসা বাবদ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০ কোটি ৩৭ লাখ টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ওয়ার্কার্স পার্টির সদস্য মো. ইয়াসিন আলীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট নেত্রী বেগম খালেদা জিয়ার হুকুমে এ বছরের ৫ জানুয়ারি থেকে হরতাল ও অবরোধকালে পেট্রোল বোমায় নিহতদের স্বজন ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। এটা চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আহত ৫ জন ও নিহত আরো ১৩ জনের ২৮ জন নিকট-স্বজনের অনুকূলে ১ কোটি ৩৬ লাখ টাকার চেক প্রস্তুত করা হয়েছে যা শিগগিরই বিতরণ করা হবে।
শেখ হাসিনা বলেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে এ পর্যন্ত ৮৬০টি যানবাহনের বিপরীতে সংশ্লিষ্ট মালিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ১৪০ টাকা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, এছাড়া, ক্ষতিগ্রস্ত আরো ২৮৫টি গাড়ির জন্য সংশ্লিষ্ট মালিকদের অনুকূলে ৭ কোটি ২১ লাখ ১২ হাজার টাকার চেক প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, পেট্রোল বোমায় গুরুতর আহত ৪ জনকে (এসএসসি পরীক্ষার্থী অনিক ও হৃদয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের এবং ড্রাক ড্রাইভার লিটন মিয়া) উন্নত চিকিৎসার জন্য একাধিকবার বিদেশে পাঠানো হয়েছে।
শেখ হাসিনা বলেন, তাদের সমুদয় চিকিৎসা-খরচ নির্বাহের জন্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত মোট ৩৮ লাখ টাকা দেয়া হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। সূত্র বাসস।