দেশে মাদকসেবীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মাদকের ধরণ পরিবর্তন হচ্ছে— উল্লেখ করে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানসের সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী জানিয়েছেন, পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নারী মাদকসেবীদের সংখ্যাও বাড়ছে।
মানসের হিসেব মতে, দেশে মাদকসেবীদের সংখ্যা ৮০ লাখেরও বেশি বলে জানান অরূপরতন চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্পাহানী স্কুল এন্ড কলেজে মাদকদ্রব্যের ভয়াবহতা সর্ম্পকে সচেতন করতে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
মাদক নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখান বলছে, ক্রমেই বাংলাদেশে মাদকসেবীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি পরিবর্তিত হচ্ছে মাদকের ধরণও। বরাবর মাদকসেবীদের মধ্যে পুরুষদের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে নারীরাও এ মরণ নেশার শিকার হচ্ছে। ফ্যাশনের নামে তরুণী, এমনকি বিবাহিত নারীরাও এর ভয়াল আগ্রাসনের শিকার হচ্ছে বলে মাদক বিরোধী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যে ওঠে এসেছে।
এদিকে, আইন দিয়ে সরকারের একার পক্ষে নয়— সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক নিয়ন্ত্রনের কথা বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাদকদ্রব্য পাচার রোধ একেবারে সম্ভব না হলেও এর নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে রয়েছে সরকার।