রাজনৈতিকভাবে যতোই ক্ষমতাবান হোক না কেন মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীতে ওসমানী মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধ আন্তর্জাতিক দিবসে’র আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মাদকপাচার রোধে সরকারের কঠোর অবস্থান গ্রহণ করেছে— উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
‘আসুন আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্ত্বার বিকাশ নিশ্চিত করি’ জাতিসংঘ ঘোষিত এবারের শ্লোগানকে সামনে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধ আন্তর্জাতিক দিবস। সকালে বৃষ্টির মধ্যেও রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের র্যা লিতে অংশ নেয় মাদকবিরোধী বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থাকেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় বর্তমানে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রমাণ স্বরূপ অপরাধীদের শাস্তির বিধান রয়েছে বলেও জানান কামাল।
তিনি আরো বলেন, বর্তমান মাদক নিয়ন্ত্রণ আইনে বিচার প্রক্রিয়ায় অপরাধীর শাস্তি হতে দীর্ঘ সময় পার হয়ে যায়। মামলার এমন দীর্ঘ জটের কারণে অপরাধীরা কম সাজা ভোগ করে অথবা খালাস পেয়ে যায়।
এরসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনায় মাদকের ব্যাপকতা নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
এছাড়া সীমান্তবর্তী নিরাপত্তা দুর্বলতায় দেশে মাদক প্রবেশ করলেও মিয়ানমার ও ভারতের সঙ্গে যৌথভাবে পাচার রোধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পরে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী ও সংগঠনকে পুরস্কার তুলে দেন তিনি।