মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনে, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম ও ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে মূল্যায়নের সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন। শনিবার দেশ টিভিকে দেয়া একান্ত স্বাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যাদের দেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং যারা বিচারবহির্ভূত হত্যায় জড়িত তাদের মুখে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।
যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ- ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস প্রকাশিত বিশ্ব শান্তি সূচকের এমন তথ্যকে সরকারের উন্নয়নের ধারাবাহিকতার ফল হিসেবেও দেখছেন তিনি।
এ সময় ক্ষমতাসীন দলটির আরেক নেতা মোহাম্মদ নাসিম রাজধানীতে এক আলোচনায় বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের ইতিবাচক অবস্থানে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, বিশ্ব শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের তৃতীয় স্থান অর্জনকে সরকারের সাফল্য হিসেবে দেখছেন দলটির নেতারা।
প্রসঙ্গত, বিচারবহির্ভূত হত্যা ও মত প্রকাশে নিয়ন্ত্রণ আরোপ, শ্রমিক অধিকার ও কাজের সুষ্ঠু পরিবেশ না থাকাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা হিসেবে তুলে ধরা হয়েছে, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে।
এতে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা একের পর এক ঘটলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।