তামাকজাত পণ্য বা বিড়ি সিগারেটকে নিরুৎসাহিত করতে, এর ওপর কর বাড়ানোর সুপারিশ করেন এ সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। রোববার বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
ধুমপান ও তামাকজাত পণ্য সেবনের ফলে প্রতিবছর দেশে প্রায় আড়াই লাখ লোকের প্রাণহানি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সাবের হোসেন বলেন, তামাকজাত পণ্য নিয়ে একটি ধুম্রজাল সৃষ্টি করা হয় যে, এ থেকে আমরা প্রচুর রাজস্ব পাই। তবে এ থেকে যে রাজস্ব আসে, তার চেয়ে বেশি এ সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যয় হয় বলেও জানান তিনি।
জনস্বাস্থ্যের দিকে অধিকতর গুরত্ব দিয়ে, এসব পণ্যের উপর বেশি করে কর বাড়ানোর সুপারিশ করেন এ সংসদ সদস্য।
তামাকজাত পণ্যের দাম বাড়ালে, স্বাস্থ্য ঝুঁকি যেমন কমবে, তেমনি এ খাত থেকে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করেন তিনি।
বাজেট আলোচনায় দেশের পাট শিল্পকে বাঁচাতে এ খাতে আরো বরাদ্দ বাড়ানোরও আহবান জানান সাবের হোসেন।