আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে রাজধানী থেকে বর্জ্য ও জলাবদ্ধতা সমস্যা ৭০% দূর করার কথা জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের উত্তরের মেয়র আনিসুল হক। প্রতিটি ওয়ার্ডে একটি করে ডাম্পিং স্টেশন স্থাপন করার কথাও জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৩টি ওয়ার্ডের জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যা নিয়ে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় মেয়রের কাছে বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন স্থানীয় কাউন্সিলররা।
জলাবদ্ধতাকে রাজধানীর প্রধান সমস্যা উল্লেখ করে আনিসুল হক বলেন, আগামী জানুয়ারিতেই জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাটের পাশ থেকে ৭০% বর্জ্য অপসারণ করা হবে।
রাজধানীর নাগরিক সমস্যা সমাধানে ওয়াসা ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি।
পরে ওয়াসা কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে মোহাম্মদপুর বেরিবাধ এলাকার জলাবদ্ধতা সমস্যা পরিদর্শন করেন তিনি।
এদিকে, রাজধানীর নানান সমস্যার মধ্যে অন্যতম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই রাজধানীর অলিগলি ছাড়াও প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার। এসব সমস্যা সমাধানে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়রের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পায় জলাবদ্ধতা ও বর্জ্য অপসারণ।