ঈদতে সামনে রেখে জাল টাকার বিস্তার রুখতে ব্যবসায়িদের মধ্যে ২০০ জাল নোট শনাক্তকারী মেশিন বিতরণ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই)। মঙ্গলবার দুপুরে রাজধানীর এফবিসিসিআই ভবনে এ সব যন্ত্র বিতরণ করা হয়।
এ সময় এফবিসিসিআই সভাপতি আব্দুল মতলুব আহমাদ বলেন, প্রতিবছর ঈদের সময় বাজারে জালনোটের প্রভাব দেখা দিলেও চক্রটি শক্তিশালী হওয়ায় সরকার এর প্রভাব কমাতে পারছে না। জাল নোট সনাক্তকারী মেশিনের মাধ্যমে ব্যবসায়ীরাই এর সমাধান খুঁজে পেতে পারেন।
তিনি আরো বলেন, প্রতি বছর রোজা ও ঈদের সময় জালনোট শনাক্তের নানান পদক্ষেপ নিলেও এর সঙ্গে জড়িত চক্রটি শক্তিশালী হওয়ায় সরকার এর প্রভাব কমাতে পারছে না।
এ সময় জাল নোট সনাক্তের মেশিন ব্যবহারের জন্য সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশে ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম।
তিনি বলেন, সকলের সম্মিলিত উদ্বোগে জালনোট বন্ধ করার সম্ভব। দাম কম হওয়ায় সব ব্যবসায়ীই মেশিনটি ব্যবহার করতে পারবেন।
প্রতি বছর ঈদ এলেই বাজারে দেখা যায় জাল টাকার ছড়াছড়ি। এতে চরম বিপাকে পড়েন ব্যবসায়ী ও সাধারন মানুষ। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এর সঙ্গে জড়িতদের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হলেও বাজারে জাল টাকার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না।