ব্রাজিল থেকে আমদানি করা গমের মান খারাপ কিংবা ভাল তার জবাব আদালতেই দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় খাদ্য নীতি’ নিয়ে আয়োজিত সেমিনারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এই বিষয়টি আদালতে বিচারাধীন— উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ীই জবাব দেয়া হবে।
সম্প্রতি ব্রাজিল থেকে প্রায় আড়াই লাখ টন আমদানি করা গমের মান নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এরইমধ্যে খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে দুই দফা পরীক্ষা করানো হয়।
মঙ্গলবার আবারও পরীক্ষা করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে সরকারকে তলব করে হাইকোর্ট। ফলাফলে গম খাওয়ার উপযোগী বলে বার বারই দাবি করে আসছেন কামরুল ইসলাম।
বাংলাদেশে গৃহনির্মাণ ও শিল্পায়নের ফলে খাদ্যশস্য দিন দিন কমে যাচ্ছে— ফলে ভবিষ্যতে বাংলাদেশ ভয়াবহ খাদ্য সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ।
ফলে ভবিষ্যতে খাদ্যর পাশাপাশি পুষ্টিহীনতায় পড়তে পারে বলেও জানান তিনি।
বাংলাদেশ খাদ্য সয়ংসম্পূর্ণ— উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে সরকার প্রতিটি জেলায় আদালত নির্মাণ করতে যাচ্ছে।
ব্রাজিল থেকে পচাঁ গম কেলেঙ্কারির অভিযোগের দায়ে তিনি পদত্যাগ করবেন কি-না— এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি কামরুল ইসলাম।