মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থাটির এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশগুলোকে ২টি শ্রেণিতে ভাগ করেছে: একটি হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ ও অন্যটি ঊচ্চ মধ্যম আয়ের দেশ সুতরাং বাংলাদেশ এখন থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হবে।
প্রতি বছর এক জুলাই বিশ্বব্যাংক থেকে প্রকাশিত এ সূচকে যেসব দেশের মাথাপিছু গড় আয় এক হাজার ৪৫ ডলার থেকে ১২ হাজার ৭৬৭ ডলারের মধ্যে তাদের মধ্যম আয়ের দেশ হিসেবে ধরা হয়।
সেই হিসেবে বাংলাদেশের বর্তমান মাথাপিছু গড় আয় ১ হাজার ৩১৪ ডলার বলে আন্তর্জাতিক এ সংস্থাটির সূচকে দেখানো হয়েছে-- এটলাস পদ্ধতিতে এ সূচকে স্থানীয় মুদ্রার মোট আয়কে মার্কিন ডলারে রুপান্তর করা হয়।
সেইসঙ্গে তিন বছরের বিনিময় হারকে সমন্বয় করা হয় যাতে আন্তর্জাতিক মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠা-নামা সমন্বয় করা হয়।
আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা ছিল বর্তমান সরকারের।