ব্লগার হত্যাকাণ্ডে সরকারের প্রকাশ্য কোন সমবেদনা নেই বলেই এতে সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়। শুক্রবার সকালে ‘আক্রান্ত মুক্তবাক, নির্বাক রাষ্ট্র’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের বক্তব্যের তীব্র সমালোচনা করে অজয় মুক্তচিন্তা বিকাশে সরকারের দ্বিমুখী নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অভিজিতের খুনিরা চিহ্নিত হবার পরও তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মুক্তচিন্তা বিকাশে মুক্তচিন্তা লেখকদের হত্যাকাণ্ড ও আর যেন এমন মৃত্যুর শিকার হতে না হয় সেজন্য জাপান, ভারত ও বাংলাদেশের প্রগতি লেখক সংঘ যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে বলে জানানো হয় সেমিনারে।
এছারা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ ৩১ টি জেলা সংসদ একযোগে কাজ করছে বলেও জানান তারা। এতে অংশ নেন লেখক, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। শুরুতেই প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সদস্য ও সাংবাদিক নজরুল কবির।