ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীতে কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় প্রথম দিনের তুলনায় অনেকটাই কম। এছাড়াও অনেক বাস সার্ভিসই তাদের টিকিট অনলাইনে বিক্রি করায় কাউন্টারে কমেছে যাত্রীর চাপ।
প্রত্যাশিত টিকিট পেয়ে খুশী বেশিরভাগ মানুষই আর বরাবরের মতো এবারও যাত্রীদের ভাড়া বেশি নেয়ার অভিযোগ থাকলেও তা মানতে নারাজ মালিকপক্ষ।
পূর্ব ঘোষণা অনুযায়ি শুক্রবার সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে শুরু হয় ঈদের আগাম টিকিট বিক্রি।
প্রথমদিনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হলেও দ্বিতীয় দিনে সেই ভিড়ে অনেকটাই ভাটা পড়েছে। কোনো ঝামেলা ছাড়াই নিজ নিজ গন্তব্যের টিকিট পাওয়ায় উচ্ছাসের কমতি নেই যাত্রীদের মাঝে।
বরাবরের মতো এবারও ভাড়া বেশি নেয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে চাহিদামতো টিকিট পাওয়ায় একে খুব বড়ো করে দেখছেন না তারা।
মালিকপক্ষ যাত্রীদের এ অভিযোগ মানতে একেবারেই নারাজ। তারা বলছেন, যাত্রীদের কাছ থেকে ন্যায্য ভাড়াই নেয় হচ্ছে।
এদিকে, এবার অনেক বাস সার্ভিসেরই ঈদের অগ্রীম টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। বাড়িতে বসেই মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।