যে সব অব্যবহৃত ভূমি ভবিষ্যতে রেলওয়ে সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজন হবে না সে সকল রেলভূমিতে পিপিপির আওতায় পাঁচ তারকা হোটেল-কাম বাণিজ্যিক ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
রোববার সংসদে এ কথা বলেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
এছাড়াও মোটেল মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বহুতল শপিংমল রয়েছে বলে জানান মন্ত্রী।
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ভূমির পরিমাণ ১২,৯৬০ দশমিক ৪১ একর।
তিনি সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে আরো বলেন, অব্যবহৃত ভূমিতে কিছু কিছু অবৈধ স্থাপনা, অবকাঠামো বা দখলদার রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে।
সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মো. মুজিবুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ের বেশ কিছু বাসা বেদখলে রয়েছে। এ পর্যন্ত চিহ্নিত বেদখলকৃত বাসার সংখ্যা ৪ হাজার ৫৩৮টি। বেদখলকৃত বাসা উদ্ধারের জন্য ইতোমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।