পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনাকারীদের চিহ্নিত করা হয়েছে— ইতোমধ্যে এদের অনেককেই আটক করা হয়েছে সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
সূত্র:বাসস
সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, নিশ্চিতভাবে বলা যায় ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সূত্র বিডি।
পহেলা বৈশাখে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে কতগুলো বিধিনিষেধ, নিয়মকানুনের কথা বলা হয়েছিল—কিন্তু এতো বেশি মানুষের সমাগম হয় যে এসব নিয়মকানুন পালন করা সম্ভব হয়নি এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশও নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছিল এ সুযোগেই দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।
তিনি বলেন, 'নারী লাঞ্ছনার ঘটনা অবশ্যই দুঃখজনক— সেদিনের ঘটনা আমরা পুরোপুরি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করেছি আর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, যারা চিহ্নিত হয়েছে, অপকর্ম করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে— যারা এসব অপকর্ম করেছে তাদের আইনের কাছে পৌঁছে দিয়েছি, বাকি দুই একজনকেও আটক করা হবে।
আইজিপির পক্ষ থেকে এ ব্যাপারে পুরস্কার ঘোষণা করা হয়েছে—এ কথা জানিয়ে মন্ত্রী সংসদে আরো বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।
স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মানবপাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা সংস্থা পাচারকারী চক্র চিহ্নিত করেছে। ইতোমধ্যে কিছু পাচারকারীকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছে।
নুরুল ইসলাম মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মানবপাচার বন্ধে আইন রয়েছে এবং এতে গুরুদণ্ডের ব্যবস্থাও রয়েছে। আইন যথেষ্ট শক্তিশালী। মানবপাচার বন্ধে কোস্ট গার্ডসহ সব বাহিনী কাজ করে যাচ্ছে।