কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরিকল্পিত নগরায়ন, জমির পূর্ণ ও সদ্ব্যবহার ও পর্যটনশিল্প বিকাশ বাড়াতে এ উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়াটি অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন পাস হলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড মনিটরিং করবে ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউই উন্নয়ন কর্মকাণ্ড শুরু বা পরিচালনা করতে পারবে না। আর আইন ভঙ্গে প্রচলিত বিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থা থাকবে।
এদিকে, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার রূপকল্প, ১০টি উদ্দেশ্য, ৫৪টি কৌশল ও ২৩৫টি কর্মপরিকল্পনা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বলেও জানান তিনি।