ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্যে সরকারের শিশু শ্রম নিরসন আইন করার পরিকল্পনা রয়েছে—জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে শিশু অধিকার বিষয়ক টুলকিট: উন্নয়ণ সহযোগিতায় শিশু অধিকারসমুহ সমন্বয়সাধন’ বিষয়ক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকার শিশুর সামাজিক সুরক্ষার জন্য বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করেছে।
আনিসুল হক বলেন, শিশু অধিকার রক্ষার বর্তমান সরকার সকল প্রকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। শিশু বিষয়ক কার্যক্রমে বিনিয়োগ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। শিশু বাজেট প্রণয়ন করা হয়েছে। আর এসব হলো সরকারের শিশু অধিকার রক্ষা ও উন্নয়নের সদিচ্ছার বহিঃপ্রকাশ।
মন্ত্রী বলেন, শিশুর উন্নয়ন শুধুমাত্র শিশুর উন্নয়ন হিসাবে দেখলে হবে না। শিশুর উন্নয়নের সাথে দেশের সামগ্রিক উন্নযনের বিষয়টি জড়িত। কারণ আজকের শিশু আগামীর নাগরিক।
তিনি বলেন, শিশু অধিকার সংরক্ষণে সামাজিক ও রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে। শিশুর উন্নয়নকে মানবাধিকারের উন্নয়ন হিসাবে ভাবতে হবে। শিশুদের পাশাপাশি সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিতদের মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন প্রধান পিয়েওে মায়াউডোন বলেন, অধিকার ভিত্তিক ও শিশুকেন্দ্রিক পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় সে সম্পর্কে বাস্তব অনুসরণিকা প্রদান করবে এই টুলকিট।
ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডওর্য়াড বেগবেডে বলেন, উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে শিশুরা। আজকের শিশুদের উপর বিনিয়োগের দীর্ঘমেয়াদি ফলাফল শুধুমাত্র শিশুদের এবং তাদের পরিবারের জন্যেই নয়, সমগ্র সমাজের জন্যেই মঙ্গল বয়ে আনবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান এইচ ই পিয়েরে মায়াউডোন এবং ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডওর্য়াড বেগবেডে বক্তব্য রাখেন। সূত্র বাসস।