ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চের ক্যাবিনের অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে বেশ কয়েক দিন। তবে এরইমধ্যে শেষ হয়ে গেছে ৭০ ভাগ টিকেট। এবার বর্ষার জন্য যাত্রী কম হবে বলে ধারণা করছে লঞ্চ কর্তৃপক্ষ। এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে মঙ্গলবারও বিক্রি করা হয়েছে ঈদের আগাম টিকিট। মহাসড়কে যানজট না থাকলে সড়ক পথের সবরুটে অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাস মালিকরা।
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪০টিরও বেশি রুটে প্রতিদিন লঞ্চ ছেড়ে যায়। এ রুটে যাতায়াত করে দক্ষিণের প্রায় ৭০ ভাগ মানুষ। ঈদে এ ৭০ ভাগ মানুষ একই সঙ্গে বাড়ি ফেরে লঞ্চে করে। ফলে অন্যান্য সময়ের তুলনায় বাড়িত চাপ কমাতে ঈদের অনেক আগে থেকেই ছাড়া হয় লঞ্চের ক্যাবিনের টিকেট।
সদরঘাটে অগ্রীম টিকেটের জন্য ভীড় চোখে পড়েনি। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে এরইমধ্যে বিভিন্ন রুটের বেশির ভাগ ক্যাবিনের টিকেট বিক্রি শেষ হয়ে গেছে। তবে ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের সংখ্যা বেশি থাকায় ক্যাবিনের টিকেট এখোনো রয়েছে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।
এদিকে, রাজধানীর সায়দাবাদ, মহাখালী, গাবতলী থেকে মঙ্গলবারও বিক্রি করা হয়েছে বাসের আগাম টিকেট। কোনো ঝামেলা ছাড়াই টিকেট পেয়ে উচ্ছসিত ঈদে ঘরমুখী মানুষ।
বাস মালিকরা বলছেন, এখনো তাদের কাছে টিকেট রয়েছে। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী আসন দেওয়া যাচ্ছে না বলেও জানান তারা। ঈদের আগে যাত্রীদের জন্য বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তারা।